স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে
স্বাস্থ্যসেবায় উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। তিনি বলেছেন, সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উদ্ভাবন, রোগ প্রতিরোধ ও সমন্বিত সেবা জোরদার করতে হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জোবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। শুধু রোগের চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে গুরুত্ব দিতে হবে। হৃদ্রোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ মোকাবিলায় সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমাধান এগিয়ে নিতে সরকার বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াচ্ছে। স্বাস্থ্য খাতে গবেষণায় অর্থায়ন, মলিকিউলার ল্যাব স্থাপন এবং একটি সমন্বিত ডিজিটাল হেলথ সিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ ও বাজারমুখী করতে ‘ইনোভেশন হাব’ গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে উদ্ভাবন কাজে লাগিয়ে সবার জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


