শিরোনাম

South east bank ad

সঞ্চয়পত্রে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন   |   অন্যান্য

সঞ্চয়পত্রে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস
সঞ্চয়পত্রের মুনাফা ও মূল অর্থ নিরাপদ ও নির্ভুলভাবে পরিশোধ নিশ্চিত করতে অটোমেটেড অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করেছে সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের সমন্বয়ে এ ব্যবস্থা কার্যকর হবে।

নতুন এ ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে। ফলে ভুল হিসাব নম্বরের কারণে ইএফটির মাধ্যমে পাঠানো অর্থ ফেরত আসা কিংবা ভুল হিসাবে অর্থ চলে যাওয়ার ঝুঁকি কমবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন এসপিএফএমএস কর্মসূচির আওতায় জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে এভিএস যুক্ত করা হয়েছে। সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন বর্তমানে এ অনলাইন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এনএসসি সিস্টেমে বর্তমানে ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন একক গ্রাহক নিবন্ধিত রয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইএফটির মাধ্যমে মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয়।

এতদিন গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব নম্বর সরাসরি সিস্টেমে এন্ট্রি করা হতো। কোনো সংখ্যা ভুল হলে ইএফটি ফেরত আসত এবং তথ্য সংশোধন করে পুনরায় অর্থ পাঠাতে হতো। এতে বিনিয়োগকারীর ভোগান্তির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজের চাপ বাড়ত।

নতুন ব্যবস্থায় হিসাব নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো ও সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে তা যাচাই করা হবে। প্রথমে হিসাবটি সঠিক ও সচল কি না এবং পরে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।

নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার পাশাপাশি পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রেও এভিএসের মাধ্যমে নতুন হিসাব যাচাই করা হবে।

অর্থ বিভাগ আশা করছে, এভিএস চালুর ফলে ভুল হিসাব নম্বরের কারণে অর্থ ফেরত আসার ঘটনা কমবে, বিনিয়োগকারীর ভোগান্তি হ্রাস পাবে এবং সঞ্চয়পত্রের লেনদেন আরও নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে।
BBS cable ad