South east bank ad

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড-সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন   |   বিচার বিভাগ

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড-সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সব সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় অ্যাটর্নি জেনারেল এ আবেদন জানান।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। এদিকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে হাজির রয়েছেন জিয়াউল আহসান।

এর আগে গত মঙ্গলবার মামলায় যুক্তিতর্ক শুরু হয়। সেদিন আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত দুদিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএমইচ তামীম।

এর আগে গত ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এরপর ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তিনি গ্রেপ্তার হন।
BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: