দুর্গম এলাকায় শিক্ষার আলো জ্বালাতে মুন্সীগঞ্জের ডিসি: করেছেন অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ
আজ ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার) আধারা ইউনিয়নের অন্তর্গত বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জে অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার ক্ষেত্রে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মহতি উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা। শিশুরা জীবনের প্রথম পাঠ প্রাথমিক বিদ্যালয় থেকেই গ্রহণ করে, তাই তাদের সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারা বলেন, শিক্ষিত নারী একটি পরিবার ও সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই প্রতিটি কন্যাশিশুর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে।
বক্তারা বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং এটি প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
পরিশেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।


