কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সামগ্রী বিতরণ শুরু ডিএসসিসির
শুক্রবার ( ২২ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনায় নাগরিকদের সহযোগিতা করতে বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, এবার ডিএসসিসির পক্ষ থেকে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার এবং ১ হাজার ৫০ লিটার স্যাভলন বিতরণ করা হচ্ছে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখলে ডিএসসিসির কর্মীরা দ্রুত তা অপসারণ করবে।
ডিএসসিসি প্রশাসক সতর্ক করে বলেন, কোরবানির বর্জ্য ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে রোগ-জীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তিনি জানান, ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে এবং প্রথম দিনের বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে ‘হৃদয়ে এলিফ্যান্ট রোড সোসাইটি’র কাছে বায়োডিগ্রেডেবল ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, নাগরিকরা নিজ নিজ ওয়ার্ড অফিস অথবা বর্জ্য সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠান ও পিসিএসপির (PCSP) কাছ থেকে এসব সামগ্রী সংগ্রহ করতে পারবেন।


