নতুন উদ্যোক্তা কমায় বেড়েছে আয় বৈষম্য: শিল্পমন্ত্রী
রবিবার (২৮ জুন) দেশে গত ১২-১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে যারা শিল্প-কারখানার মালিক ছিলেন, তারাই আরও বড় হয়েছেন; কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি হয়নি। এর অন্যতম প্রধান কারণ ছিল গ্যাসের অপ্রতুলতা।
মন্ত্রী বলেন, ১৯৯১ থেকে ২০০৬ সালের তুলনায় পরবর্তী ১০-১৫ বছরে নতুন উদ্যোক্তা সৃষ্টির হার তীব্রভাবে কমে যায়। ফলে অর্থনৈতিক প্রবাহ সীমিত কয়েকটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে, যা আয় বৈষম্য বৃদ্ধির অন্যতম কারণ।
তিনি আরও বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের জিডিপিতে এমএসএমই খাতের অবদান কম। বর্তমানে এ খাতের অবদান প্রায় ২৫ শতাংশ। অর্থনীতিকে আরও গতিশীল করতে এমএসএমই খাতকে শক্তিশালী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।


