শিরোনাম

South east bank ad

পরিবহন-লজিস্টিকসে বাংলাদেশ-সৌদি সহযোগিতা জোরদার

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন   |   মন্ত্রী

পরিবহন-লজিস্টিকসে বাংলাদেশ-সৌদি সহযোগিতা জোরদার
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন, লজিস্টিকস ও বন্দর উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বন্দর অবকাঠামো উন্নয়ন, সামুদ্রিক পরিবহন ও লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের নৌখাতের চলমান উন্নয়ন কার্যক্রম, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি তুলে ধরে সৌদি বিনিয়োগকারীদের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সৌদি ভাইস মিনিস্টার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও নৌপরিবহন খাতের উন্নয়নের প্রশংসা করে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উভয় পক্ষ পরিবহন ও লজিস্টিকস খাতে যৌথ উদ্যোগ বাস্তবায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: