শিরোনাম

South east bank ad

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ জানাব: জ্বালানিমন্ত্রী

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ জানাব: জ্বালানিমন্ত্রী

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে মার্কিন কোম্পানিগুলোকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির কোম্পানিগুলোকে দরপত্রে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

তেলের ব্যবসা বেসরকারি খাতে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইন করা হলে তা কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য নয়, বরং সব কোম্পানির জন্যই প্রযোজ্য হবে।

এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি রয়েছে এবং এ সংকট অস্বীকার করার সুযোগ নেই। গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং সীমিত এলএনজি আমদানি সক্ষমতার কারণে সংকট তৈরি হয়েছে।

তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে সরকার অগ্রাধিকার দেবে। একই সঙ্গে আগামী সাড়ে চার বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

সেমিনারে ব্যবসায়ী আজম জে চৌধুরী, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলমসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। অধ্যাপক শামসুল আলম জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানো, সঠিক পরিকল্পনা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।





BBS cable ad