পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রথম বৈঠক
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে। ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়া গেছে এবং আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
সভায় মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পে মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করা, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং জনগণের সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিসহ কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার মহাপরিচালক ও প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


