১০ মিনিট বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে গিয়ে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে সকাল ৭টার দিকে তার থেকে বেলুন অপসারণ করলে স্বাভাবিক হয় চলাচল।
জানা যায়, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এতে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা বলেন, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়।
এরপরই বেলুন অপসারণের কাজ শুরু হয়। সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল শুরু হয় বলে জানান তিনি।


