আমলাদের হটিয়ে শীর্ষ পদে রাজনীতিকরা
সরকারি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে নতুন করে সরকারদলীয় রাজনৈতিক ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া শুরু হয়েছে। সম্প্রতি বোয়েসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, আইডব্লিউটিসির চেয়ারম্যানসহ ১২টি প্রতিষ্ঠানে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১ পদই গ্রেড-২ মর্যাদার। বিগত সরকারের আমলে এসব পদে অবসরপ্রাপ্ত আমলাদের বসানো হলেও এবার সেই জায়গা নিচ্ছেন রাজনীতিকরা। এতে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা নিয়মিত কর্মকর্তাদের মধ্যে নতুন করে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার জারি করা আদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে মো. সালাহউদ্দিন সরকার, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মো. কামরুজ্জামান, বিএসইসির চেয়ারম্যান পদে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন, বিসিকের চেয়ারম্যান পদে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসানকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সবাই ক্ষমতাসীন দল বিএনপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
তবে বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে সাবেক সচিব জাকির হোসেন কামালকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও তিনি যোগ দেননি। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম। তিনি একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী যুগান্তরকে বলেন, সরকার প্রশাসনকে একটি প্রমিত কাঠোমোতে দাঁড় করতে চায়। প্রশাসন থেকে বিশৃঙ্খলা উচ্ছেদ করতে চায়। সবকিছু স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সরকার জনকল্যাণে কাজ করছে। সংকীর্ণভাবে বিচার করলে হবে না। প্রমাণসহ কেউ আর্থিক অনিয়মের কোনো অভিযোগও তুলতে পারবে না বলে তিনি চ্যালেঞ্জ করেন।
জানতে চাইলে সাবেক সচিব একেএম আবদুল আউয়াল মজুমদার যুগান্তরকে বলেন, দীর্ঘদিন যেসব পদে আমলারা বসত ওইসব পদে রাজনৈতিক ব্যক্তিদের বসানো সরকারের সঠিক উদ্যোগ এবং এটাকে সরকার নিরাপদ মনে করেছে। এসব নিয়োগের জন্য আমলারাই দায়ী। কারণ আমলারা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপন করে। তারা একজন আরেকজনকে দলীয় তকমা লাগায়। একে অপরের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন। সুতরাং সরকার ভেবে দেখেছে যেহেতু দলনিরপেক্ষ আমলা পাওয়া যায় না, সেহেতু রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের বসানো সবচেয়ে নিরাপদ এবং সরকার তাই করেছে।


