৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সম্মিলিত জোটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষকরা বলেন, ২০১২ সালের ২৭ মে’র আগে প্রতিষ্ঠিত এবং নির্ধারিত শর্ত পূরণ করা বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনার কথা থাকলেও প্রায় ৫ হাজার বিদ্যালয় শেষ পর্যন্ত বাদ পড়ে। দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতা ছাড়াই এসব বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান করে আসছেন বলেও জানান তারা।
দাবি আদায়ে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিকবার অবস্থান, মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি পালন করেও সমাধান না পাওয়ার অভিযোগ করেন শিক্ষকরা। জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।


