আবদুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু ৯ মাসের শিশুকে উদ্ধার, হাসপাতালে ভর্তি করল পুলিশ
রাজধানীর উত্তরা পশ্চিম থানার আবদুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শিশুটির নাম ফাতেমা। পরে পুলিশের উদ্যোগে তার প্রয়োজনীয় চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবদুল্লাহপুর ফ্লাইওভারের ওপর শিশুটি পড়ে থাকার খবর পায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে তার বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ফাতেমাকে শিশু বিভাগে ভর্তি করা হয়।
পুলিশের উদ্যোগে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।


