শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য আমৃত্যু কাজ করে গেছেন। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ইতিহাসে তাঁর উত্থান জাতির জন্য গৌরবের বিষয়।
তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ জাতীয় ঐক্য, গণতন্ত্র ও উন্নয়নের পথ দেখায়। তাঁর দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।
গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় করা হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথাও স্মরণ করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


