বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ছে সরকার: আইসিটি মন্ত্রী
সোমবার (১৩ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে আরও আস্থাশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে কর কাঠামো আরও প্রতিযোগিতামূলক করা এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় প্রণোদনা ও সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। একই সঙ্গে মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে, যাতে দেশীয় উৎপাদন, কর্মসংস্থান এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বৃদ্ধি পায়।
বৈঠকে কোরিয়ার রাষ্ট্রদূত বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। জবাবে মন্ত্রী জানান, সরকার বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে প্রয়োজনীয় নীতিগত সংস্কার গ্রহণ করবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।


