হজের ব্যয় কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট–সংক্রান্ত কর ও চার্জ কমানোর আহ্বান জানান। জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ক্যাটেগরি–ডি আবাসন সুবিধা না থাকায় বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় বেড়েছে। তিনি এ সুবিধা পুনর্বহালে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক রাখতে সৌদি সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠক শেষে উভয় পক্ষ হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


