শিক্ষার্থীর কল্যাণই শিক্ষকের মূল দায়িত্ব: আনোয়ারউল্লাহ চৌধুরী
সোমবার (২৪ আগস্ট) শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং তাঁদের সমস্যা ও সংকটে পাশে দাঁড়ানো একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
আজ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, “যে শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল দেখেন না, তিনি ভালো শিক্ষক হতে পারেন না।” শিক্ষার্থীদের বিপদে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে এবং তাঁদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি জীবনব্যাপী সাধনা। আনুষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি একজন শিক্ষককে সারা জীবন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তনের জন্য দক্ষ ও জ্ঞানসম্পন্ন শিক্ষক প্রয়োজন।
উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জ্ঞানভান্ডারের বড় অংশ ইংরেজিতে রচিত। তাই নতুন জ্ঞান অর্জন ও তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে বাংলা ভাষার পাশাপাশি শিক্ষকদের ইংরেজিতেও দক্ষ হতে হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান।
সভাপতির বক্তব্যে মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীরা শিক্ষকের কাছে যথাযথ পাঠদান, ন্যায্য মূল্যায়ন ও সম্মানজনক আচরণ প্রত্যাশা করে। শিক্ষককে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক আচরণেও সংযত হতে হবে।
তিনি জানান, হিট প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার তরুণ ও জ্যেষ্ঠ শিক্ষক এবং উচ্চশিক্ষা ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রমও চলমান।
চার মাসব্যাপী এ প্রশিক্ষণে ৩৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশ নেন। অনুষ্ঠানে ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


