চীনে উচ্চশিক্ষায় ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর সুযোগ
রবিবার ২৮ (জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কর্মসূচি সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থী মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ পাবেন।
আজ চীনের তিয়ানজিনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সফরকালে এ সমঝোতা সই হয়। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং।
বৈঠকে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তুলতে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কার্যকর অংশীদারত্ব জরুরি। তিনি যৌথ অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কর্মসূচি, বাংলাদেশে যৌথ গবেষণাগার স্থাপন এবং দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন। এ লক্ষ্যে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতাও কামনা করেন তিনি।
তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা জানান, বর্তমানে সেখানে প্রায় ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে তারা প্রস্তুত।
সমঝোতা স্মারকে স্নাতকোত্তর শিক্ষা, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণাগার স্থাপন, চীনা ভাষা শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিস্তৃত কাঠামো নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই অংশীদারত্ব বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


