তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী
জনস্বাস্থ্য সুরক্ষা ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বক্তারা জানান, দেশে তামাকজাত দ্রব্য ব্যবহার করেন প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ। তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকালমৃত্যু হয়। তাঁরা ই-সিগারেটসহ নতুন নিকোটিনজাত পণ্যের উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
অনুষ্ঠানে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক আখতার-উজ-জামানসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাক নিয়ন্ত্রণকর্মীরা উপস্থিত ছিলেন।


